দেশে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব রেগুলেশন নিশ্চিত করতে একক সেবা সার্ভিস আইনি কাঠামো আনতে আজ সংসদে ওয়ান স্টপ সার্ভিস বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বিলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে উদ্যোক্তা বা বিনিয়োগকারীকে প্রয়োজনীয় যে কোন সেবা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ বলে গণ্য করার বিধানের প্রস্তাব করা হয়েছে।
এ সব সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষেরও প্রধান নির্বাহী বলে গণ্য হবে।
বিলে কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র, প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের ফোকাল পয়েন্ট সমন্বয়ে নির্ধারিত পদ্ধতিতে গঠন করার প্রস্তাব করা হয়েছে।







