বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে আন্তোনিও কন্তের দল চেলসি। ব্লুজদের পক্ষে গোল করেন পেদ্রো-ইডেন হ্যাজার্ড এবং স্টিভ কুক।
এ জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নিজেদের অবস্থান আরও পোক্ত করলো হ্যাজার্ড-পেদ্রোরা। ১৮ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৪৬। সমান ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেষ্টার সিটির পয়েন্ট ৩৯ আর এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ৩৭।
স্ট্যামফোর্ড ব্রিজে ২৪ মিনিটে ব্লুজদের লিড এনে দেন পেদ্রো। সেস ফাব্রেগাসের পাস ডি বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে বল জালে জড়ান বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পেয়ে ব্যবধান দ্বিগুন করে কন্তের শির্ষ্যরা। ৪৮ মিনিটে হ্যাজার্ডকে ডি বক্সের মধ্যে অবৈধ ভাবে ফাউল করেন বোর্নমাউথের ইংলিশ ডিফেন্ডার ফ্রান্সিস। রেফারি বাঁশি বাজালে পেনাল্টি পায় চেলসি। সুযোগ হাত ছাড়া করেননি হ্যাজার্ড। সহজেই ব্যবধান দ্বিগুন করেন এ বেলজিয়ান।
২-০ গোলে এগিয়ে থাকা চেলসির হয়ে বোর্নমাউথের শেষ পেরেকটি ঠুকে দেন স্টিভ কুক। মাঝমাঠ থেকে বল টেনে প্রতিপক্ষের গোল পোস্টে জোরালো শট নেন পেদ্রো। সামনে থাকা ইংলিশ ডিফেন্ডার স্টিভ কুকের গায়ে বল জড়ালে ৩-০ গোলের জয় পায় ব্লুজরা।








