রাজধানীর বুড়িগঙ্গার তীরে অর্থাৎ পুরান ঢাকায় শিগগির চালু হচ্ছে চারটি স্ক্রিন নিয়ে সুসজ্জিত আধুনিক সিনে থিয়েটার ‘জয় লায়ন সিনেমাস’।
ইতোমধ্যেই এর বেশিরভাগ কাজ শেষ হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান জয় সিনেমাসের পক্ষে বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান। তিনি বলেন, সাজসজ্জার কাজ চলছে। এছাড়া বাকি সব কাজ সম্পন্ন হয়েছে।

কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, বাবুবাজার ব্রিজের ঠিক উল্টো দিকে ‘জয় লায়ন সিনেমাস’। সেখানকার শপিং মলেই মাল্টিপ্লেক্সটি চালু হচ্ছে। ফুডকোর্ট, শপিংয়ের সঙ্গে এবার সেখানে চালু হতে যাচ্ছে আধুনিক সিনে থিয়েটার। থাকছে মোট চারটি স্কিন। ২০০ করে মোট ৮০০ দর্শকের আসন রয়েছে। দুটি স্ক্রিনে চলবে হলিউডের ছবি, বাকি দুটিতে লোকাল সিনেমা।
এখানে থাকছে থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থাও। জয় সিনেমাসের পক্ষে বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মনে করেন, ভালো পরিবেশ ও মানসম্মত কনটেন্ট দিলে দর্শক সিনেমা হলে আসবে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বিগত দশকগুলোতে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া লাগলেও সিনেমা হলের উন্নয়নে কোন কাজ হয়নি। অথচ স্ব-পরিবারে সিনেমা দেখাটা ছিল আমাদের ঐতিহ্য। জয়-লায়ন সিনেমাস ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করতে চাই। সে লক্ষ্যে কাজ চলছে।
মুশফিকুর রহমান বলেন, সাজসজ্জার কাজ শেষ হলে বৈশাখেই চালু করবো। না হলে একেবারে আসন্ন ঈদে চালু করবো ‘জয় লায়ন সিনেমাস’।







