রাজধানীর শাহবাগে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এ ঘটনায় শাহবাগ হয়ে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে যার প্রভাব পড়ে নগরীর অনেক জায়গায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ শুরু করে ডিপ্লোমা মেডিকেলের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টা নাগাদ তাদের মিছিল শাহবাগ পৌঁছানোর পর পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে।
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছোড়ে শিক্ষার্থীরা।
কয়েক ঘন্টা ধরে দফায় দফায় চলা সংঘর্ষে কয়েকজন পুলিশ ছাড়াও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শাহবাগ থেকে ৩০ জনকে আটক করে পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে: বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ এবং ইন্টার্নশিপে ভাতা প্রদান।
বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ এলাকা ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত ২৬ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা।








