সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার জন বিচারপতি শপথ নিয়েছেন। শপথ নেয়া চারজন বিচারপতি হলেন: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. এমদাদুল হক।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই চার বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
১২ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত এই চার জন বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারক নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’
১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জড়ো হয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দাবীতে মিছিল শ্লোগান শুরু করেন। একপর্যায়ে ওইদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ একে একে আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেন। আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ছাড়া যে ছয়জন বিচারপতি গত ১০ আগস্ট পদত্যাগ করেন তারা হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ১০ আগস্ট দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্টের বিচারপতি থাকা সৈয়দ রেফাত আহমেদকে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। রোববার বেলা ১২টায় বঙ্গভবনে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।








