মিয়ানমার সরকারের জাতিগত নিধনের শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে এখনও পালিয়ে আসছে রোহিঙ্গারা। তাদের ঢল কিছুতেই থামছে না। শনিবার নতুন করে আরও ২৮৩ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ।
সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল পর্যন্ত নতুন করে ২৮৩ জন রোহিঙ্গা এসেছে।
নতুনকরে আসা এই রোহিঙ্গাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িযোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে জানিয়েছেন এই কর্মকর্তা।
এর আগে শুক্রবার নতুন করে আরো ৩২টি পরিবারের ১৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। কোনভাবেই রোহিঙ্গা আসা বন্ধ করা যাচ্ছে না। এরমধ্যে চলতি মাসের ১ তারিখ থেকে আজ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৪টি পরিবারের এক হাজার ৪৪৪ জন রোহিঙ্গা এসেছে। তাদের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।








