বিশ্বের দুইপ্রান্তে যুবাদের ক্রিকেট। ইংল্যান্ডের মুখোমুখি সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট হলেও সংবাদ মাধ্যমের তুমুল আগ্রহে ওই দুই ম্যাচ নিয়ে। কারণ ম্যাচ দুটিতে জাতীয় পর্যায়ের যুব ক্রিকেটে অভিষেক হয়েছে দুই কিংবদন্তি পুত্রের।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। আর সাউথ আফ্রিকান সাবেক পেসার মাখায়া এনটিনির পুত্র থান্ডো এনটিনি খেলছেন ইংল্যান্ডের বিপক্ষে।
অভিষেকে অবশ্য ভিন্ন রকমের ফল মিলেছে দুজনের থেকে। থান্ডোর তুলনায় অর্জুনের দিকে বেশি আলো থাকলেও রীতিমত ফ্লপ বলা চলে শচীন পুত্রকে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ব্যাট হাতে ‘ডাক’ মারার পর বল ঘুরিয়ে ২ উইকেট দখলে তার। অভিষেকটা ঠিক রাঙানো হয়ে উঠেনি অর্জুনের।
অর্জুনের পারফরম্যান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ঝড়। তবে সেটা সমালোচনার। কেবলমাত্র তারকার পুত্র বলেই বেশি আলোর নিচে থাকছে শচীনপুত্র, এমন খোঁচায় শুনতে হচ্ছে অর্জুনকে!
অন্যপ্রান্তে পিতার মতই গতির ঝড় তুলেছেন থান্ডো এনটিনি। বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের। ৫০ ওভারের ক্রিকেটে ৮ ওভার বল করে ১৯ রান খরচায় ১ মেডেনের সঙ্গে ৪ উইকেট। তার বোলিংয়ে ভর করেই ৭৯ রানের জয় পেয়েছে সাউথ আফ্রিকান যুবারা।
থান্ডোর বোলিংয়ে মুগ্ধ ক্রিকেট সাউথ আফ্রিকাও। ভবিষ্যতের তারকা উল্লেখ করে টুইটারে এনটিনি পুত্রের জন্য শুভকামনাও জানিয়েছে প্রোটিয়া বোর্ড।








