এফএ কাপ সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে ফিটনেসজনিত কারণে মাঠে নামা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ও ডিফেন্ডার কাইল ওয়াকার।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওয়েম্বলি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
ম্যাচের আগের দিন শুক্রবার ব্রুইন ও ওয়াকার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে ডি ব্রুইনকে ও ৭৩ মিনিটে ওয়াকারকে মাঠ থেকে তুলে নেয়া হয়েছিল। ওয়ান্ডা মেট্রোপলিটানো ছেড়ে যাওয়ার সময় ওয়াকারকে একটি প্রটেক্টিভ বুট পরে থাকতে দেখা যায়।
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠায় খেলায় ফিরতে পারেন রুবেন দিয়াজ। দলের এক নম্বর গোলরক্ষক এডারসনের পরিবর্তে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক জ্যাক স্টেফেন শুরুর একাদশে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত গার্দিওলা ম্যাচের আগের দিন সকালে নেবেন।
গার্দিওলার অধীনে সিটি পঞ্চমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে পৌঁছেছে। ২০১৯ সালের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে পরাজিত করে মাত্র একবারই তারা ট্রফি ঘরে তুলেছে।







