ইনফর্ম ব্যাটসম্যান রোহিত শর্মা ও চোটগ্রস্ত পেসার ভুবনেশ্বর কুমারকে বাইরে রেখে ইংল্যান্ড সিরিজের প্রথম তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৮ সদস্যের দলে জায়গা হয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পান্ট।
সাদা পোশাকে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার কুলদীপ যাদব। স্পিনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গী হবেন তিনি।
সেখানে চলতি ইংল্যান্ড সফরে রঙিন পোশাকে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করা রোহিতের ফর্ম বিবেচনায় না নেয়া বিস্ময়ের জন্ম দিয়েছে। গত সাউথ আফ্রিকা সফরে টেস্টে ৩১ বছর বয়সী রোহিতের মলিন পারফরম্যান্স নির্বাচকদের বিবেচনায় ছিল বলেই মনে করছে ভারতীয় গণমাধ্যম। প্রোটিয়া সফরে ৪ ইনিংসে সাকুল্যে ৭৮ রান এসেছিল ডানহাতি এ ব্যাটসম্যানের থেকে।
প্রথম তিন টেস্টের ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুন নায়ার, দিনেশ কার্তিক, রিশভ পান্ট, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর।








