রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের পরিবেশ সৃষ্টি করতে যুক্তরাজ্য অদূর ভবিষ্যতে নিঃসংকোচে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার একটি অবিশ্বাস্য কাজ সম্পন্ন করেছে। এ কারণে নিরাপদ-সুরক্ষিত মনে করে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে ও বাস্তব পরিস্থিতি দেখতে শনিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শনে আসেন।
এসময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন এবং ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শনিবার সোয়া ১২টায় বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন।








