চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্নাব্যুতে নয় মৌসুম সময় কাটিয়েছিলেন পর্তুগিজ তারকা। ফলে সাবকে সতীর্থদের সঙ্গে যে একটা বন্ধন তৈরি হয়েছিল সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তার মধ্যে অন্যতম ছিলেন রিয়ালের তরুণ তারকা মার্কো অ্যাসেনসিও।
রোনালদোর পাশে নিজের সেরাটা দিয়েছেন বহু ম্যাচে। শোনা যাচ্ছে সেই অ্যাসেনসিও নাকি রোনালদোর পথ অনুসরণ করে ক্লাব জুভেন্টাসের হয়ে খেলতে চান।
ইতালির ক্রীড়া দৈনিক টুট্টো স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, অ্যাসেনসিও ইচ্ছা প্রকাশ করেছেন জুভেন্টাসে খেলার। যার কারণ গতবার চ্যাম্পিয়ন্স লিগে জুভদের বিরুদ্ধে রোনালদোর পাওয়া সংবর্ধনা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এছাড়া সাবেক সতীর্থ আলভারো মোরাতার থেকে জুভেন্টাসের সম্বন্ধে ভালো কথাও শুনেছেন।
অ্যাসেনসিও নিজেও মনে করেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি তার থেকে সেরাটা বের করে নিতে পারবেন।









