বৃহস্পতিবার মোনাকোতে হওয়া ড্রয়ে পিএসজিকে এড়িয়েই যেতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু কপালের যা লিখন তা আর এড়াতে পারেনি দলটি, গ্রুপ ‘এ’তে তাদের সঙ্গী হয়েছে প্যারিসের জায়ান্টরা। কিন্তু প্রথমে কঠিন মনে হলেও পিএসজির এখন যে অবস্থা তাতে খুশিতে নাচার কথা রিয়াল কোচ জিনেদিন জিদানের! প্রথম ম্যাচে যে তাদের বিপক্ষে খেলা হবে না প্রতিপক্ষের তিন স্তম্ভ নেইমার-এমবাপে-কাভানির!
কেন খেলতে পারবেন না এই তিন তারকা? কারণ খুঁজতে গিয়ে প্রথমে আসা যাক নেইমারকে নিয়ে। ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে এখন ব্যাপক হৈচৈ। পুরনো ক্লাব বার্সার সঙ্গে তাকে নিয়ে বর্তমান ক্লাবের চলছে রশি টানাটানি। বৃহস্পতিবার পর্যন্ত খবর ছিল, তাকে ন্যু ক্যাম্পে ফেরাতে চুক্তির খুব কাছে চলে গেছে বার্সা। কিন্তু শুক্রবার হিসেবটা পাল্টে গেল। এখন খবর, পিএসজির আকাশচুম্বী দাবির কাছে আর মাথা নোয়াতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা। অন্তত এই মৌসুমে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে ফেরানোর ব্যাপারে আশা ছেড়েই দিয়েছে কাতালানরা।
আর স্পেনে যদি ফেরা না-ই হয় তাহলে পিএসজির হয়েই খেলতে হবে নেইমারকে। সেক্ষেত্রে তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে লিগ ওয়ানে খেলতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচে আবারও দর্শক হয়ে থাকতে হবে তাকে। কারণ, সেই নিষেধাজ্ঞাই! গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ শেষে রেফারিকে গাল-মন্দ করে যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেটা শুরু হবে এই মৌসুম থেকেই। অর্থাৎ, বার্সায় না গেলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম ইউরোপিয়ান ম্যাচে সুবোধ বালক হয়ে বসে থাকতে হবে নেইমারকে।
নেইমার না থাকলেও পিএসজির সমস্যা ছিল না, যদি সুস্থ থাকতেন কাইলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। কিন্তু কোচ টমাস টুখেলকে দুশ্চিন্তার মহাসাগরে ফেলে দুজনেই তুলুজের বিপক্ষে ম্যাচে পড়েছেন চোটে।
এমবাপের চোট তাকে মাঠ থেকে দূরে রাখছে চার সপ্তাহের জন্য। আগামী মাসের শেষ নাগাদ আর খেলায় ফিরতে পারছেন না ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। কাভানির চোট সমস্যা তিন সপ্তাহের জন্য। রিয়াল ম্যাচের আগের হয়তো সুস্থ হবেন কিন্তু ১৮ সেপ্টেম্বর নিজ মাঠে রিয়ালের বিপক্ষে নামার আগে পর্যাপ্ত ফিটনেস ফিরে পাবেন কিনা তা নিয়ে থাকছে চিন্তা!
জিদান এই খবরে হয়তো খুশি হবেন, কিন্তু মনে শান্তি পাবেন কিনা সেটা বলা সম্ভব নয়। কারণ তাকে ঘিরে আছে আরও বড় সমস্যা। অনেক আশা করে চেলসি থেকে কিনে আনা এডেন হ্যাজার্ডের চোট থাকায় এখন পর্যন্ত লা লিগাতেই নামানো যায়নি। ১৮ সেপ্টেম্বরের আগে নামানো যাবে কিনা সেটাও নিশ্চিত না। ইস্কো ও হামেস রদ্রিগেজ একইসঙ্গে চোটে পড়েছেন। তবে পিএসজি ম্যাচের আগের ফেরার সম্ভাবনা আছে দুজনের। অন্যদিকে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন মার্কো আসেনসিও!







