চলতি মৌসুমে সবচেয়ে বেশি কথা হয়েছে তাকে নিয়ে, দলে পেতে লাইন দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল মাদ্রিদের মত বড় ক্লাবগুলো। তবে শেষ পর্যন্ত কেউ নয়, আরবি সলজবুর্গ থেকে ১৯ বছর বয়সী সেনসেশন আর্লিং ব্রাউট হালান্ডকে দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
রোববার বিকেলে ২০ মিলিয়ন ইউরোতে অস্ট্রিয়ান ক্লাব সলজবুর্গ থেকে হালান্ডকে দলে টানার বিষয়টি নিশ্চিত করে বরুশিয়া। চুক্তি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। সবচেয়ে বড় বিষয়, গ্রুপপর্ব থেকে সলজবুর্গের বিদায় হলেও বরুশিয়ার জার্সি গায়ে আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারছেন নরওয়ের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।
সলজবুর্গের হয়ে চলতি মৌসুমে ২২ ম্যাচে ২৮ গোল করেছেন হালান্ড, কেবল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বেই করেছেন ৮ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তিও তার।
ম্যানইউ-রিয়ালের মত ক্লাবে যেতে পারেননি;তবে বরুশিয়াতে আসতে পেরেও কম খুশি নন হালান্ড,‘বরুশিয়ার ৮০ হাজার দর্শকের সামনে খেলতে পারবো, এ এক দারুণ অনুভূতি। আর এ কারণেই এ ক্লাবটিতে আমার আসা।’








