রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ফ্রান্সের সাবেক তারকা জিনেদিন জিদান। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য বরখাস্ত করা হয়েছে কোচ রাফায়েল বেনিতেজকে।
সোমবার বেনিতেজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল। পরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেয় স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।
টানা ব্যর্থতায় লিগের শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে যায় রিয়াল। এরপরই প্রচন্ড সমালোচনার মুখে পড়েন বেনিতেজ।
গত মাসে লিগে ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলে হারের পর সবশেষ রোববার রাতে ভালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্রয়ের পর আরও চাপে পড়েন বেনিতেস।
গত জুনে সাবেক কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে যোগ দেন বেনিতেজ। সাত মাসের মধ্যেই সরে দাঁড়াতে হলো স্প্যানিশ এই কোচকে।







