রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। তবে মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।
মৃত তরুণ-তরুণী হলেন, তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, ফার্মগেটের সম্রাট হোটেলের সাত তলার একটি কক্ষে ওই দুই তরুণ-তরুণীর মরদেহ পাওয়া যায়। তারা সোমবার হোটেলে রাত্রি যাপন করে। প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেনি, কোনো ওষুধের প্রভাবে তারা স্ট্রোক করে তাদের মৃত্যু হতে পারে।







