রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। আহতদেরকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাস সাইমন এক্সক্লুসিভ এবং দিনাজপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয় রংপুরের তারাগঞ্জের ইকরচালী রংপুর ঢাকা-মহাসড়কে। ঘটনাস্থলেই ৭ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আরো ৫ জন।
সাইমন এক্সক্লুসিভ বাসের ডান চাকা বাস্ট হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা তৃপ্তি পরিবহনকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৫০ জনেরও বেশি। আহতদের অ্যাম্বুলেন্সহ বিভিন্ন যানবাহনে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের অনেকের অবস্থাই গুরুতর। তাদের বাঁচাতে জরুরীভাবে রক্ত সহায়তার আবেদন জানিয়েছেন চিকিৎসকরা।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বলেন, এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। আহতের অনেকের অবস্থাও গুরুতর।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ.স.ম বরকতুল্লাহ বলেন, আহতদের বাঁচাতে জরুরীভাবে রক্তের প্রয়োজন। আমরা সেজন্য সহায়তার আহ্বান জানিয়েছি।
এদিকে হতাহতদের খোঁজ-খবর নিতে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।







