দুঃস্বপ্নের টেস্ট সিরিজের পর রঙিন পোশাকে ইতিবাচক ফলাফল আসবে বলে জানিয়েছিলেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে যেটা করতে চেয়েছিলেন তাই করতে পেরেছেন তিনি। ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার নিতে গিয়ে এমনটাই জানিয়েছেন টাইগার ওপেনার।
দুই ম্যাচে টেস্ট সিরিজে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৮ রানে হারায় টাইগাররা।
সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন তামিম। তিন ম্যাচের দুটিতে ম্যাচ সেরা হওয়ার সঙ্গে মোট ২৮৭ রান করে হয়েছেন সিরিজ সেরাও।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তামিম বলেন, ‘টেস্ট সিরিজটা আমাদের ভালো যায়নি। ফলে আমরা প্রচুর অনুশীলন করেছি। তারপরও এই ফরম্যাটে (ওয়ানডে) আমরা অনেক বেশি স্বচ্ছন্দ।’
এই পরপরই তামিমের সংযোজন, ‘দীর্ঘদিন ধরেই ব্যাটে আমি যা করতে চাচ্ছি এবং দল আমার ব্যাট থেকে যা চেয়েছে সেটা করতে পেরেছি। সফল হয়েছি।’
সফল হলেও কাজটা যে সহজ ছিল না সেটাও মনে করিয়ে দিয়েছেন তামিম, ‘ওয়েস্ট ইন্ডিজের উইকেট কখনোই সহজ নয়। তবে আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে। ধৈর্যটাই এখানে মূল চাবিকাঠি, যে জন্য আমি বড় রান পেয়েছি।’







