ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে। পয়েন্ট টেবিলের পাঁচে উঠে আসা গেছে। এমন রাতের পরও খুশি নন রালফ র্যাঙ্গনিক। পূর্ণ পয়েন্ট তুললেও সন্তুষ্ট নন। দুর্বলতা চিহ্নিত করে উন্নতিতে জোর দিচ্ছেন রেড ডেভিলদের নতুন কোচ।
‘শীর্ষ পর্যায়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে যেভাবে কর্নার বিলিয়েছি তাতে সন্তুষ্ট নই। যদিও আমরা ৩ পয়েন্টই পেয়েছি। আমাদের এখনও অনেক কাজ বাকি।’
নরউইচ সিটির বিপক্ষে রোনালদোর স্পটকিকে আসা একমাত্র গোলে জয় তুলেছে ম্যানইউ। আর্সেনালকে টপকে প্রিমিয়ার লিগ টেবিলে পাঁচ স্থান এখন রালফের শিষ্যদের। জয়ের পর ফাঁকফোকরগুলোর দিকেই যত মনোযোগ কোচের।
টেবিলের শীর্ষ ১০ দলের মধ্যে চলতি মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল হজম করেছে ম্যানইউ। শিষ্যদের সতর্ক করে রক্ষণে আরও উন্নতিতে জোর দিচ্ছেন রালফ, ‘টানা দুই জয়ের পরও আমাদের অনেক উন্নতির জায়গা রয়েছে।’
প্রতিপক্ষকেও কৃতিত্ব দিচ্ছেন রালফ। টেবিলের তলানির দল নরউইচের খেলার প্রশংসা করতে কার্পণ্য করেননি। অতি-আক্রমণাত্মক এই দলের বিপক্ষে উন্নতির গ্রাফ বাড়ানোয় জোর দিয়েছেন, ‘নরউইচের মতো অনেক (নিচের) দল আছে যারা শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলেছে। এদিন নরউইচ মোটেও নিচের দলের মতো খেলেনি।’







