চ্যাম্পিয়ন বার্সেলোনার ঘরোয়া বিষাদ অব্যাহত। লিওনেল মেসির সুপার গোলের পরও লা লিগায় জয় পায়নি কাতালানরা। রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগ টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে আর্নেস্টো ভালভার্দের দল।
এই ড্র’য়ে লিগে টানা চার ম্যাচে জয়হীন বার্সা। সেই ফাঁকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সেভিয়া। যাতে অবশ্য লিগও জমে গেছে। শীর্ষ ছয় দলের পয়েন্ট ব্যবধান এখন মাত্র দুই।
খেলা শুরু হতে না হতেই মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতায় ভ্যালেন্সিয়া। মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করে দলটি। কর্নার কিকে পারেজো বল দেন গামেইরোর দিকে, বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বল সরাসরি চলে যায় এজেকুয়েল গ্যারের কাছে। মাত্র ৬ গজ দূর থেকে লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি ভ্যালেন্সিয়া ডিফেন্ডারের।
ম্যাচের ৬ মিনিটে ভ্যালেন্সিয়া ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল। গামেইরো বল বাড়িয়ে দেন বাতশুয়াইয়ের দিকে। পায়ে ঠিকমতো বল নিতে পারেননি ভ্যালেন্সিয়া স্ট্রাইকার। ততে শটটা দুর্বল হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সা। ২১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি। কিন্তু সেটা থামাতে নেতোকে বড় পরীক্ষা দিতে হয়নি। পরের মিনিটে ডি-বক্সে লুইস সুয়ারেজ ফাউলের শিকার হলেও পেনাল্টি দেননি রেফারি। কিন্তু সেই অপ্রাপ্তি বার্সা পূরণ করে ২৩ মিনিটে। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু পাসে ছোট বক্সের সামনে থেকে বাঁ-পায়ের নিচু শটে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। চলতি মৌসুমে ১০ ম্যাচে এটি তার ১১তম গোল।
ম্যাচের ৪০ মিনিটে গামেইরোর শট ব্লক করেন সেমেদো। ফিরতি শট নেন গায়া। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ভ্যালেন্সিয়ার আরেকটি চেষ্টা।
বিরতির পর ৫০ মিনিটে ফিলিপে কৌতিনহোর চেষ্টা সহজে রুখে দেন নেতো। ৭২ মিনিটে সার্জিও বুসকেটস পেনাল্টি বক্সের কিছুটা দূরে ফাউল হলে ফ্রি-কিক পায় বার্সা। মেসির শট ক্রসবারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। শেষদিকে বার্সার আক্রমণ ধারাল হতে দেয়নি ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ। তাতে আবারও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালান জায়ান্টদের।
১৩ পয়েন্ট নিয়ে খেলতে নামা সেভিয়া ২-১ গোলে সেলটা ভিগোকে হারিয়ে এক নম্বরে বসেছে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। আর সমান ১৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে দুই নম্বরে বার্সা। আগের ম্যাচে অ্যাটলেটিকো ১-০ গোলে জিতেছে রিয়াল বেটিসের বিপক্ষে। গোল গড়ে পিছিয়ে থেকে কাতালানদের পেছনে মাদ্রিদের ক্লাবটি। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।







