বিশ্বকাপ বাছাইপর্বে সাউথ আমেরিকা অঞ্চলের খেলায় লিওনেল মেসির মাইলফলক স্পর্শের দিনে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর প্যারগুয়ের বিপক্ষে হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করেছে আরেক পরাশক্তি ব্রাজিল। ঘরের মাঠে বলিভিয়াকে ২-০ গোলে হারায় মেসির আর্জেন্টিনা। আর ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
আর্জেন্টিনার করদোবায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম এগিয়ে যায় আর্জেন্টিনা। স্বাগতিকদের সমর্থকদের আনন্দে ভাসান গাব্রিয়েল মেরকাদো। আর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার সুপারস্টার মেসি। আগের ম্যাচের চিলি বিপক্ষে ২-১ গোলে জিতেছিল জেরার্দো মার্টিনোর দল। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।
ম্যাচের ২০ মিনিটে তরুণ মেরকাদোর গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি মাঝমাঠ থেকে ফ্রি-কিক পেয়ে সঙ্গে সঙ্গেই বল বাড়ান হিগুয়াইনকে। নাপোলি স্ট্রাইকার গোলরক্ষকের উপর দিয়ে বল জালের দিকে পাঠালেও এক ডিফেন্ডার শুয়ে পড়ে তা ফিরিয়ে দেন। 
আবার বল পেয়ে হিগুয়াইন বল বাড়ান ফাঁকায় দাড়িয়ে থাকা মেরকাদোকে। অরক্ষিত জালে গোল করতে কোনো সমস্যাই হয়নি আগের ম্যাচে চিলির বিপক্ষে জয়সূচক গোল করা রিভার প্লেটের এই ডিফেন্ডারের।
১০ মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এই গোলে নুতন মাইলফলকে স্পর্শ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দেশের হয়ে ৫০তম গোল করলেন তিনি।
অন্যদিকে, নেইমার বিহীন ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে কোনো মতে হার এড়ায় ব্রাজিল।
পর ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হন নেইমার। দলে ছিলেন না ডিফেন্সের ভরসা ডেভিড লুইসও। দলের আক্রমণ ও রক্ষণের দুই অন্যতম স্তম্ভ না থাকায় শুরু থেকেই ভুগতে থাকে ব্রাজিল। এ অবস্থায় ৪০ মিনিটে প্রথম এগিয়ে যায় প্যারাগুয়ে। দারিও লেসকানোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করে বসে। ৪৯ মিনিটে এডগার লরেনজোর গোলে ব্যবধান দ্বিগুণ হয় প্যারাগুয়ের। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। শেষ ১১ মিনিটে ২ গোল শোধ করে কোনো মতে রক্ষা পায় সেলেকাওরা। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে ব্রাজিল।
৭৯ মিনিটে হাল্কের দূরপাল্লার জোড়ালো শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলকিপার জাস্টো ভিলার। কিন্তু ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন রিকার্ডো অলিভিয়েরা। এক গোল শোধের পর আরো মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।
তবে নির্ধারিত সময়ের খেলা শেষে প্যারাগুয়ে যখন জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই স্বাগতিকদের হৃদয় ভেঙে দেন দানি আলভেজ। যোগ করা সময়ের শেষ মিনিটে(৯০+৩) গোলে করে ব্রাজিলকে রক্ষা করেন বার্সা উইংগার।
এই ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৬ ম্যাচে ১১। আর সমান ম্যাচে ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ৯।








