সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন চুক্তি নিয়ে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার ঐক্যমত্যে পৌঁছানোর খবর এসেছিল একদিন আগে। এবার এল আনুষ্ঠানিক ঘোষণাও। বুধবার কাতালান ক্লাবটি এক বিবৃতিতে মেসির সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন চুক্তি অনুযাযী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সায় থাকবেন মেসি। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত ছিল।
বিবৃতিতে বার্সা বলেছে, ফুটবল ক্লাব বার্সেলোনা এবং লিওনেল মেসি চুক্তি নবায়নে সম্মত হয়েছে। যার ফলে ২০২১-এর জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন এই আর্জেন্টাইন। ইতিহাসের সেরা খেলোয়াড়টির সঙ্গে আরো চার বছরের চুক্তি করতে পেরে বার্সেলোনা খুবই খুশি। মেসিও তার সন্তুষ্টির কথা জানিয়েছে। এর ফলে বার্সার সাফল্যের মুকুটে আরো অনেকগুলো পালক যুক্ত হবে বলে আশা করছে ক্লাব।
গত শুক্রবার আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করা মেসি স্ত্রী ও দুই সন্তান থিয়াগো এবং মাতেওকে নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হানিমুনে রয়েছেন। সেখান থেকে ফিরেই আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন ফুটবল জাদুকর। বার্সা এমন তথ্যই জানিয়েছে।
তবে নতুন চুক্তিতে মেসির বাই আউট ক্লোজের পরিমাণ কত সেটি জানানো হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো অর্থের পরিমাণকে ৩০০ মিলিয়ন ইউরো বলে জানাচ্ছে। আর নতুন চুক্তিতে করের অর্থ পরিশোধ করেও বার্ষিক ২ কোটি ২০ লাখ ইউরো পাবেন মেসি। যেটি হলে তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের আসনে বসতে দেখা যাবে।
বার্সেলোনার সিনিয়র দলে ২০০৪ সালে অভিষেক হয়েছিল মেসির। পরে কাতালান ক্লাবটির হয়ে ৬১৫ ম্যাচে মাঠ মাতিয়েছেন, গোল করেছেন ৫১৮টি। আর্জেন্টাইন অধিনায়ক কাতালাদের হয়ে ৮টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ৩০টি শিরোপা জিতেছেন।
আগামী ১২ জুলাই মেডিকেল পরীক্ষার জন্য বার্সার ফুটবলাররা এক হবে। তারপর শুরু হবে প্রাক-মৌসুম প্রস্তুতি। তার আগে আনুষ্ঠানিকতাও সারা হয়ে যাবে মেসি-বার্সার।







