ফিফা বর্ষসেরায় শেষ হয়ে গেল মেসি-রোনালদোর সেরার খেতাব ভাগাভাগি করে নেয়ার যুগ। সোমবার এ দুই সুপারস্টারকে পেছনে ফেলে ‘ফিফা বেস্ট’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ।
কয়েকদিন আগেই উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন মদ্রিচ। ফিফার ভোটিং অনেক বড় হওয়ায় মেসি-রোনালদোর ভোটার সংখ্যাও ছিল অনেক বেশি। তবে পুরস্কারজয়ীতে কোনো ব্যতিক্রম ঘটেনি। সারা বিশ্বের ফিফার সব সদস্য দেশের কোচ, অধিনায়ক ও একজন করে সাংবাদিক ভোট দিয়েছেন বর্ষসেরা নির্বাচনে।
তবে এবারও একে অপরকে সেরা হিসেবে ভোট দেননি গত একযুগ ধরে সেরার মঞ্চে প্রতিদ্বন্দ্বীতা করা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপে গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার এবং ক্লাব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড় হলেও আর্জেন্টিনা অধিনায়ক হিসেবে মেসি সেরা বেছে নিয়েছেন লুকা মদ্রিচকেই। আর বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনাকে বিদায় করলেও তার দ্বিতীয় সেরা পছন্দ ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তবে তিন নম্বর সেরা হিসেবে আর্জেন্টাইন অধিনায়ক ভোট দিয়েছেন রোনালদোকে।
এবার বিস্ময়করভাবে নিজের সেরা তিনে কোনো বার্সেলোনা খেলোয়াড়কে বাছেননি মেসি। তবে রোনালদো নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে সেরা দুইজন নিয়েছেন। পর্তুগিজ তারকার প্রথম সেরা রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। আর পুরস্কারজয়ী মদ্রিচকে দ্বিতীয় সেরার ভোট দিয়েছেন সিআর সেভেন। বর্তমান জুভেন্টাস তারকা তিন নম্বর সেরা হিসেবে ভোট দিয়েছেন রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্থনিও গ্রিজম্যানকে।
মেসি ভোট দিলেও পুরস্কারজয়ী মদ্রিচ ভোট দেননি আর্জেন্টাইন অধিনায়ককে। ক্রোয়েট অধিনায়ক প্রথম ভোট দিয়েছেন রাফায়েল ভারানেকে। তার দ্বিতীয় ভোট পেয়েছেন সাবেক সতীর্থ রোনালদো। আর মদ্রিচ তিন নম্বর ভোট দিয়েছেন গ্রিজম্যানকে।
ফিফা পুরষ্কারের কয়েকদিন আগেই নিজেকে মেসি-রোনালদোর সমকক্ষ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন গ্রিজম্যান। তবে নিজেকে নিজে সেরা বললেও আন্তর্জাতিক মাত্র একজন অধিনায়কের সেরা ভোট পেয়েছেন ফরাসি স্ট্রাইকার। তাকে সেরা হিসেবে বেছে নেন তার ক্লাব সতীর্থ ও উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো গডিন।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি সেরা হিসেবে মেসিকে ভোট দিলেও ব্রাজিল কোচ টিটে নিজ দলের হিরো নেইমারকে সেরা তিনেই রাখেননি। তিনি প্রথম ভোট দিয়েছেন মদ্রিচকে। আর দ্বিতীয় এবং তৃতীয় ভোট দিয়েছেন মোহামেদ সালাহ এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে।
বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী হ্যারিকেন আন্তর্জাতিক মাত্র দুজন কোচের ভোট পেয়েছেন। ইংলিশ অধিনায়ককে সেরার ভোট দিয়েছেন বাহামার কোচ ডিয়ন গোডেট এবং চাইনিজ তাইপের গ্যারি হোয়াইট। তবে কেন নিজে সেরা হিসেবে প্রথম ভোট দিয়েছেন রোনালদোকে।
টটেনহ্যাম তারকার দ্বিতীয় ও তৃতীয় ভোট পেয়েছেন যথাক্রমে মেসি ও প্রিমিয়ার লিগে তার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।







