দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন মুর্শিদা খাতুন। অল্পের জন্য পারেননি। বাংলাদেশও পারেনি দুইশ ছুঁতে। অপেক্ষাকৃত কম শক্তির প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে মেয়েদের এশিয়া কাপে টি-টুয়েন্টিতে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে টিম টাইগ্রেস।
শ্রীলঙ্কার ডাম্বুলায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ১৯১ রানের বিশাল পুঁজি। এশিয়া কাপে যা নিজেদের সর্বোচ্চ সংগ্রহ।
ওপেনার মুর্শিদা ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন ১০ চার ও এক ছয়ে। কাভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে। লড়াই চালিয়ে যান নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক শেষপর্যন্ত টিকে ৩৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন। তার উইলো থেকে আসে ৫টি চার, ২টি ছক্কা।
৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন স্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ। মুর্শিদার ওপেনিং সঙ্গী দিলারা আক্তার ২০ বলে ৩৩ রান করে ফেরেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৬৫ রান। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় দেড়শ পেরিয়ে।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ ২৫৫। ২০১৯ সালের ডিসেম্বরে পোখারায় মালদ্বীপের বিপক্ষে জ্যোতি ও ফারজানা হক পিংকির জোড়া সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়েছিল বাংলাদেশ।
দুই ম্যাচ অপেক্ষার পর একাদশে ফিরেছেন পেসার জাহানারা আলম। তৃতীয় ম্যাচে বাদ পড়েছেন আরেক পেসার মারুফা আক্তার।
স্বাগতিকদের কাছে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে সহজে হারায় টিম টাইগ্রেস। লেগ স্পিনার রাবেয়া দুর্দান্ত বোলিং করে হন ম্যাচসেরা। মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারালে সেমিফাইনালের দরজা খুলে যাবে বাংলাদেশের।







