মিসরের সিনাই উপত্যকার এল-আরিশ শহরের একটি পুলিশ চৌকিতে মর্টার হামলায় ১৩
পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জঙ্গি সংগঠন আইএস
হামলাটির দায় স্বীকার করেছে।
তবে আইএসের দাবি, এটি মর্টার হামলা ছিলো না। তাদের একজন আত্মঘাতী হামলাকারী ওই পুলিশ চৌকিতে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
টুইটারে পোস্ট করা বিবৃতিতে আইএস বলেছে, পুলিশ চৌকিগুলোতে ‘মুসলিম নারীদের তল্লাশি ও অপমান’ করার প্রতিবাদ হিসেবে পরিকল্পিত সিরিজ হামলার একটি অংশ’ হলো এই হামলা।
সিনাইয়ের উত্তরাঞ্চলে অবস্থিত সাফা পুলিশ চেকপয়েন্টে হামলাটি হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলার পর পাঁচ হামলাকারীকে সরকারি বাহিনী হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হঠাৎ করে তারা ভয়াবহ একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এর পর থেকে এল-আরিশ শহরটিতে ঢোকা ও বের হওয়া বন্ধ করে দেয়া হয়েছে।
২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এ পর্যন্ত মিশরীয় নিরাপত্তা বাহিনীর কয়েকশো সদস্য জঙ্গি হামলার শিকার হয়েছে।







