চট্টগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে রোববার ৪৫ মিনিট ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। পরে বলেও হাত ঘুরিয়েছেন কিছুটা সময়। নিয়মিত অধিনায়কের ধীরে ধীরে চোট কাটিয়ে ওঠার এমন দৃশ্য স্বস্তি দিচ্ছে বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডসকে।
‘‘তাকে ফিরে পাওয়া দারুণ খবর। সাকিব একজন ‘মাস্টার ট্যাকটিশিয়ান’। রিয়াদ(মাহমুদউল্লাহ) মিরপুরে অধিনায়ক হিসেবে ভালো করেছে। কিন্তু সাকিবের মতো চতুর ও সদা সজাগ ক্রিকেটার বাংলাদেশ দলের সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’
‘আমরা তাকে(সাকিব) দুই হাত বাড়িয়ে বরণ করে নিয়েছি। তার আঙ্গুল এখন ভালোই মনে হচ্ছে। আজ ৪৫ মিনিটের মতো ব্যাট করেছে। এখন সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে।’
দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হওয়ার পর এখনও দেশের মাটিতে লাল বলে খেলতে পারেননি সাকিব। ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাঁহাতি এ অলরাউন্ডারের দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে।
যদিও সাকিব খেলতে পারবেন কিনা সেটি চূড়ান্ত হবে ম্যাচের একদিন আগে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর।
সাকিবের ফেরার সম্ভাবনা জাগায় দলের ক্রিকেটারদের মাঝেও বাড়তে শুরু করেছে মানসিক শক্তি। সৌম্য সরকার মনে করেন সাকিব থাকলে ভালো মোমেন্টামে থাকবে দল।
‘সাকিব ভাই অনেক বড় অংশ দলের জন্য। উনি থাকলে দলের তিনটা দিকই থাকে। দল শেষ ম্যাচে ভালো খেলেছে। এরমধ্যে সাকিব ভাই যদি ফেরে তাহলে তো ভালো মোমেন্টাম থাকবে।’







