চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে এক সাউথ আফ্রিকানের ব্যাটে ভর করে মাশরাফীর রংপুরকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে চিটাগং ভাইকিংস। রংপুর রাইডার্সকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে চট্টলার দলটি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে এই সংগ্রহ দাঁড় করায় তারা।
অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তটা প্রথমে সঠিকই প্রমাণ করেছিলেন বোলাররা। ৫৬ রানের মধ্যেই রংপুরের ৩ উইকেট তুলে নেন তারা। দলীয় ১৩ রানে আউট চিটাগং অধিনায়ক রঞ্চি। রুবেল হোসেন আর মোহাম্মদ মিথুনের যুগলবন্দীতে রানআউট হন কিউই তারকা।
এরপর স্কোরবোর্ডে ৩০ রান উঠতেই প্রতিপক্ষের ইনিংসে আঘাত হানেন মাশরাফী। ৭ রান করা এনামুল হক বিজয়কে ফেরান লাসিথ মালিঙ্গার ক্যাচ বানিয়ে।
শুরুর ধাক্কা সামাল দেয়ার ভাল ইঙ্গিত দিয়েছিলেন গত ম্যাচের নায়ক সিকান্দার রাজা ও ভ্যান জিল। কিন্তু এদিন ২২ রানের বেশি নামের পাশে যোগ করতে পারেননি জিম্বাবুইয়ান।
তবে রাজা না পারলেও তার প্রতিবেশী পেরেছেন। দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ভ্যান জিল। বাঁহাতি প্রোটিয়া ব্যাটসম্যানের ৪০ বলের ইনিংসে ছিল তিনটি চার ও চারটি বিশাল ছক্কার মার।
চিটাগংয়ের ১৭৬ রানের চ্যালেঞ্জিং ইনিংসে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের ১৬ বলে ২৫ রানের ভূমিকাও কম নয়।
রংপুরের হয়ে পাঁচজন বোলারের প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।








