অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ৭ জনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে আগামী ১ বছরে মধ্যে এই মামলা নিষ্পত্তির করতে নির্দেশ দেয়া হয়েছে।
এই মামলা বাতিলে চেয়ে করা আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আজকের এই আদেশের ফলে ড. ইউনূসসহ ৭ জনের বিরুদ্ধে এই মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এই আদেশ দেন। সেই সাথে শুনানি শুরুর জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস ছাড়া অপর ছয় আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।







