সারাদেশে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধরলা সেতু উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে নৌ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। অবহেলিত অঞ্চলের উপর গুরুত্ব দিয়ে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দেয়া হচ্ছে।
উত্তরের এক সময়ের অবহেলিত জনপদ কুড়িগ্রাম ও লালমনিরহাটের মধ্যে সংযোগ স্থাপনকারী সাড়ে নয়শ’ মিটার দীর্ঘ শেখ হাসিনা ধরলা সেতু চালু হয়েছে। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেছেন।
২০১২ সালের সেপ্টেম্বরে তিনি এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। উদ্বোধনের পর কুড়িগ্রাম ও লালমনিরহাটের জনগণের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এরপর মুন্সিগঞ্জ ও গজারিয়ার মধ্যে ফেরি সার্ভিস চালুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ৪টি উভচর ড্রেজার, ৪টি কন্টেনার জাহাজ ও ২টি ইউলিটি ফেরিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি বলেন, নদী মাতৃক বাংলাদেশে নৌ-পথকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং চালু রাখতে হবে সব নদীর নাব্যতা।
শেখ হাসিনা বলেন, সারাদেশে নানামুখী উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে হবে।
বিস্তারিত দেখুন সঞ্জয় চাকীর ভিডিও রিপোর্টে:








