দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইউনুছ মিয়াজী ওরফে সুমন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি: ‘সুমন মাদক ব্যবসায়ী। ওই সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ ১০১ পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক (পাইপ গান), ৬ রাউন্ড গুলি, ২ ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।’
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় পুরান বাজার স্টার আলকায়েদ জুট মিলসের দক্ষিণ পাশে বালুর মাঠে এই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৮টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ ওলি জানান: মাদকের একটি বড় চালান লেনদেন হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে।
তিনি বলেন: এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে ইউনুছ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বাকি মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ইউনুছকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে সে মারা যায়।







