প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানীর যানজট ঠেলে বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। লঞ্চ ছাড়ছে নির্ধারিত সময়েই। দুয়েকটি বাদে ট্রেনও যাচ্ছে নির্ধারিত সময়ে।
কোরবানী ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু না হলেও আগে ভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীর অনেকেই। বাস টার্মিনালে তাই সকাল থেকেই ভিড়।
রাজধানীর যানজটের কথা মাথায় রেখেই টার্মিনালে এসে গাড়ির অপেক্ষা ঘরমুখো মানুষের। টার্মিনালে ঠাসা ভিড়ে বেশি দুর্ভোগে নারী এবং শিশুরা।
গত কয়েকদিনের বৃষ্টিতে মহাসড়কে যানজটের কারণে গাড়ির জন্য অপেক্ষায় থাকা মানুষের চোখে মুখে ছিল বিরক্তি। তবে মহাখালি বাসটার্মিনাল পরিদর্শনে গিয়ে যোগাযোগ মন্ত্রী বললেন ভিন্ন কথা।
দূরপাল্লার দুয়েকটি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে সময় মেনে। তবে দিনের বেলায় দক্ষিণাঞ্চলের লঞ্চের কোনো শিডিউল না থাকায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
নিরাপদ পরিবহন ট্রেন সময়মত পাওয়ায় খুশি ঘরমুখো মানুষেরা। ভোগান্তি ছাড়াই বাড়ি যাওয়ার আনন্দ তাদের।
সময়মত ট্রেন পরিচালনা করতে পারায় স্বস্তিতে রেলওয়ের কর্মকর্তারা। শেষ পর্যন্ত শিডিউল ঠিক রাখতে সার্বক্ষণিক মাঠে থাকছেন রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
এখনো ঈদের ছুটি শুরু না হওয়ায় চাপ বাড়েনি সরকারি পরিবহন রেলওয়েতে। তবে চাপ সামলাতে প্রস্তুতি আছে রেলওয়ের।






