ভারতের উত্তরপ্রদেশে নয়ডা অঞ্চলে ঘন কুয়াশায় একটি গাড়ি রাস্তার পাশে খালে পড়ে ২ কিশোরসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ির বাকি ৫ আরোহী।
রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
এ দুর্ঘটনার ব্যাপারে সোমবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের এক মুখপাত্র বলেন, মারুতি এরটিগা মডেলের গাড়িটিতে মোট ১১ জন ছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে গাড়িটি দিল্লির কাছাকাছি অবস্থিত দানকৌর এলাকায় খেরলি খালে পড়ে যায়। পুলিশ ও উদ্ধারকারী দল গিয়ে ১১ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ৬ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি ৫ জনের বর্তমানে চিকিৎসা চলছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতি ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার কারণ নিশ্চিত হতে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।







