মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে পাঁচ দলের আসরে টেবিলের শীর্ষে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েরা।
শুক্রবার লাল-সবুজ জার্সির হয়ে স্পটকিকে জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার। দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষে স্বাগতিকরা। গ্রুপপর্বে স্বাগতিকদের বাকি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, ১৯ ডিসেম্বর।
ভারতের পয়েন্ট ছয়, তারা টেবিলের দুইয়ে, তাদের বাকি খেলা নেপালের বিপক্ষে। অন্যদিকে নেপালের পয়েন্ট ৪, তাদের বাকি দুম্যাচ। রাতে ভুটানের বিপক্ষে জিতলে নেপালিদের পয়েন্ট হবে ৭। ভারত-নেপাল ম্যাচটি তাই হতে চলেছে শিরোপার মঞ্চে যাওয়ার অঘোষিত সেমিফাইনাল।
হিসাব-কিতাব কিছু বাকি থাকছে বাংলাদেশের জন্যও। কারণ রাতে নেপাল জিতলে, সঙ্গে ভারতের বিপক্ষে তারা ড্র করলে লঙ্কা ম্যাচে বাংলাদেশের অন্তত হার এড়াতে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে ভারত-নেপাল ম্যাচের গোলসংখ্যার দিকে।
আসরে শুরুর ম্যাচে জয়হীন থাকা বাংলাদেশ টানা দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলল। শ্রীলঙ্কার বিপক্ষে মারিয়া-আঁখিদের ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন ২০১৮ সালের চ্যাম্পিয়নদের।
পাঁচ দলের লড়াইয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুদল খেলবে আসরের ফাইনাল। টিকে থাকতে ভারতকে হারাতেই হত বাংলাদেশের। কাজটি দারুণ ভাবে করেছেন শামসুন্নাহাররা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরাকে পেনাল্টি সীমানায় ফাউল করায় বাঁশি বাজিয়ে দেন রেফারি। নিখুঁত শটে জাল খুঁজে নেন শামসুন্নাহার।
আসরে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভুটানকে ৬-০তে গুঁড়িয়ে দেয় লাল-সবুজরা। ভারত প্রথম ম্যাচে ৫-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে, পরের ম্যাচে ৩-০ গোলে জেতে ভুটানের বিপক্ষে।







