করোনা সংক্রমণকে কারণ দেখিয়ে সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট দুনিয়ার অন্যতম মোড়ল দেশটির এমন সিদ্ধান্তে অবাক মাইকেল ভন ও কেভিন পিটারসেন। সিদ্ধান্ত হঠকারী, বলছেন ইংল্যান্ডের সাবেক এ দুই অধিনায়ক। সাউথ আফ্রিকা না হয়ে ভারত হলে সিরিজ বাতিলের সাহস করত কিনা অস্ট্রেলিয়া, এমন প্রশ্নও তুলেছেন ভন।
সিরিজ বাতিল করে নিজেদের ভাবমূর্তি নিজেরাই নষ্ট করেছে ইঙ্গিত করে ভন টুইটারে লিখেছেন, ‘অজিদের সাউথ আফ্রিকা সিরিজ বাতিলের সিদ্ধান্তটি ক্রিকেটের জন্য বেশ উদ্বিগ্নের। প্রশ্ন হচ্ছে, নামটা ভারত হলে তারা কী এই সাহস করত?’
করোনার কারণে কম-বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে সব ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডই। নিজেদের আর্থিক লাভ-ক্ষতির দিকটি মাথায় না এনে ভারত-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো সামর্থ্যবান বোর্ডের অন্য দেশগুলোর সাহায্যে এগিয়ে আসা উচিৎ ছিল, একই টুইটে লিখেছেন ভন।
করোনার পাশাপাশি ভীষণ আর্থিক ক্ষতির দিককেও কারণ হিসেবে তুলে ধরে মঙ্গলবার সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারির শেষদিকে সিরিজটি শুরুর কথা ছিল, ঘোষণা হয়েছিল দলও। স্বদেশি ভনের কথাই প্রতিধ্বনি করে অজিদের সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন সাউথ আফ্রিকায় জন্ম নেয়া কেভিন পিটারসেন।
‘ভারত হলে অস্ট্রেলিয়া কখনই সিরিজ বাতিল করত না। ক্রিকেট বিশ্বে একটা অন্ধকার যুগ চলছে। কোভিড ইস্যুতে ইংল্যান্ডও সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছে, অথচ একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পরও শ্রীলঙ্কায় কীভাবে সিরিজ খেলে এলো?’
অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের সিদ্ধান্তকে হতাশাজনক আখ্যা দিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছেন সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ। সাবেক প্রোটিয়া অধিনায়কের বক্তব্য ছিল, ‘গত কয়েক সপ্তাহ ধরে ক্লান্তিহীনভাবে এই সিরিজকে আয়োজনের জন্য কাজ করে গেছে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড, চেষ্টা করা হয়েছে প্রতিটি চাহিদা পূরণের। অস্ট্রেলিয়ার মাস শেষে আসার কথাও ছিল। শেষ মুহূর্তে এভাবে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় বোর্ড সত্যিই হতাশ।’
লকডাউনের সময় বেশ ক্ষতির মুখে পড়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডে কর্মরত কর্মীদের বেতন কাটা হয়েছিল সেসময়। ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করে সেই ক্ষতি কাটিয়ে উঠেছে অজিরা।
সাউথ আফ্রিকায় না গিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করেছে অস্ট্রেলিয়া। সিরিজ বাতিল হওয়ায় তাদের টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের মধ্যে থেকে নির্ধারিত হবে কারা খেলবে লর্ডসের ফাইনালে কিউইদের প্রতিপক্ষ হয়ে।








