পাকিস্তান সফরে টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্যের রেশ এখনো কাটেনি। বাংলাদেশ দলও ফেরেনি। তারপরও ভারত সিরিজের প্রস্তুতি একরকম শুরু হয়ে গেল। দেশে যারা আছেন, তাদের নিয়ে বুধবার মিরপুরে শুরু হয়েছেন অনুশীলন।
ভারতের মাটিতে দুটি টেস্টের পাশাপাশি রয়েছেন তিনটি টি-টুয়েন্টি। তার প্রস্তুতিতে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা।
মিরপুরে প্রস্তুতিতে সাদা বলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, জিসান আলম উপস্থিত ছিলেন ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে।
বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম ক্যাম্প পরিচালনা করছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে সোহেলের অধীনে কোচিং করেছিলেন লাল বলের ক্রিকেটাররাও।
ভারত সিরিজের অনুশীলন শুরুর ব্যাপারে সোহেল গণমাধ্যমে বলেন, ‘আমরা সাদা বলে প্রস্তুতি শুরু করেছি। প্রথমদিনে কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিল। তবে কালও কয়েকজন যোগ দেবেন। ফিটনেস ও স্কিল এ দুটো দিক নিয়েই কাজ করছি। আশা করছি এবারের প্রস্তুতিও ক্রিকেটারদের জন্য সিরিজ সহায়ক হবে।’
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু কানপুরে, ২৭ সেপ্টেম্বর। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সফরের তিনটি টি-টুয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এ তিন ম্যাচের ভেন্যু গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ।








