বিশ্বের কোথাও কোন একজন ফুটবলার ভালো খেলছে; এই খবর চাউর হলেই ইউরোপের বড় দলগুলো তার পেছনে হুমড়ি খেয়ে পড়ে। সেই হুমড়ি খেয়ে পড়া কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। যে দলে সে খেলছে, সেই দল থেকে তাকে বাগিয়ে আনলে ওই দলটির যে করুণ অবস্থা হয়, সেদিকে তাদের খেয়ালই থাকে না। আর এতেই বেজায় খেপেছেন নতুন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফারিন। বড় দলগুলোর এই আধিপত্য এবার বন্ধ করতে চান তিনি।
লিসবনে উয়েফার এক কনফারেন্সে নতুন সভাপতির অভিযোগ বড় দলগুলো ফুটবলের ভারসাম্য নষ্ট করছে। আর এর সমাধানও দিয়েছেন তিনি, ‘আমাদের অবশ্যই দলবদলে অর্থের পরিমাপ করতে হবে। আমরা ভয় পাই না। দল বদলে অতিরিক্ত কর এবং নতুন কিছু শর্ত যোগ করে আমরা একটি বৈধ দল-বদল এবং অতিরিক্ত খেলোয়াড় মজুদ বন্ধ করতে পারি।’
সেফারিনের অভিযোগ একদমই উড়িয়ে দেয়া যাচ্ছে না। চলতি ইউরোপিয়ান লিগে চেলসি ৩০ জন এবং জুভেন্টাস ৫০ জন খেলোয়াড় ধারে বিভিন্ন দলে খেলতে পাঠিয়েছ। অতিরিক্ত খেলোয়াড় মজুদে ছোট দলগুলো শুধু ‘নখ-দন্তহীন’ হয়ে যাচ্ছে তাই নয়; সাইড বেঞ্চে বসে থাকতে থাকতে অনেক প্রতিভাবান ফুটবলার তাদের মেধাও হারিয়ে ফেলছেন। এই ‘অশুভ বৃত্ত’ই ভাঙতে চাচ্ছেন স্লোভেনিয়ান আইনজীবী থেকে উয়েফা সভাপতি বনে যাওয়া সেফারিন।







