বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ওই মামলায় আটক হওয়া মান্নান রাহি। বুধবার বিকেলে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক আনোয়ারুল করিমের কাছে দায় স্বীকার করে জবানবন্দি দেয় মান্নান রাহি।
শুক্রবার ভোরে সিআইডির একটি দল সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ফালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের পুত্র মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান ওরফে এএএম নোমানকে আটক করে।
এরপর অনন্ত হত্যার মামলায় দুই ভাইকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ আদালতে অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করে মান্নান রাহি। সে ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে লিখতো।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী জানান, রাহির ভাই মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান দায় স্বীকার করেনি। তাকে ফের রিমান্ডে নেওয়া হবে।
এরআগে গত ৭ জুন আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক ইদ্রিস আলী। রিমান্ড শেষে এখন জেলহাজতে আছেন ইদ্রিস।
গত ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে।






