সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত প্লেন ব্যবহারের দায়ে পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস। এর আগেও তিনি ব্যয়বহুল ভ্রমণ ব্যয়ের জন্য ক্ষমা চেয়েছিলেন বলে বিবিসি জানিয়েছে।
এছাড়া ট্রাম্পের আরও তিনি মন্ত্রী একই অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীরে দায়িত্ব দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিরাপত্তার দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ ছাড়া সরকারি কর্মর্তাদের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বাণিজ্যিক প্লেন ব্যবহার করতে হয়। কিন্তু প্রাইস তা না করে সরকারি কাজে ব্যক্তিগত প্লেন ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
ব্যক্তিগত প্লেন ব্যবহারের কারণে প্রাইসের বিরুদ্ধে এক মিলিয়ন ডলার বেশি ভ্রমণ ব্যয়ের অভিযোগ রয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে। এছাড়াও সামরিক বিমানে করে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণ বাবদ আরও ৪ লাখ ডলার ব্যয় দেখিয়েছেন পদত্যাগ করা এই স্বাস্থ্যমন্ত্রী।
তার এই অতিরিক্ত ব্যয়ের কারণে তার ওপর ‘খুশি নন’ বলে এর আগে জানিয়েছিলেন ট্রাম্প।
এদিকে পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্য বিভাগের ‘সাম্প্রতিক কিছু ঘটনাবলি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে’ বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন প্রাইস।








