প্রথম ম্যাচটা শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতলেও নিজের দলকে ব্যাটিংয়ে আরও উন্নতির তাগিদ দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। দ্বিতীয় ম্যাচেই সেটি করতে চান দলের ব্যাটসম্যানরা। অন্তত প্রি-ম্যাচ কনফারেন্সে তেমনই বলেছেন অলরাউন্ডার সাব্বির রহমান।
তবে তা কতোটা সহজ হবে তা এখনই বলা যাচ্ছে না, কারণ সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়ে রেখেছে জিম্বাবুয়েও। জয় দিয়ে নতুন বছর শুরু করা টাইগাররা ঐচ্ছিক অনুশীলনে ছিলো ফুরফুরে মেজাজে।
ব্যাটিং নিয়ে নেটে ঘাম ঝড়ান তামিম, সৌম্যরা। স্পট লাইটে সাকিব, মুশফিক, সাব্বির থাকলেও দ্বিতীয় ম্যাচে অভিষেক হতে পারে বিপিএল সেনশেসন আবু হায়দার রনির। সেক্ষেত্রে নুরুল হাসান অথবা আল-আমিনকে একাদশের বাইরে থাকতে হতে পারে। ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেও পরিকল্পনা অনুযায়ী খেলাটাই লক্ষ্য টাইগারদের।
ব্যাটসম্যান সাব্বির রহমান বলেন, আমরা যেভাবে খেলতেছি সেইভাবেই খেলার জন্য ট্রাই করবো। এশিয়া কাপের কাপের আগে এই চারটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সবসময়ই জিততে চাই।
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ম্যাচের আগের দিন সকাল থেকে কঠোর অনুশীলনে ছিলো জিম্বাবুয়ে। ব্যাটিং পরামশর্ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো জিম্বাবুইয়ানদের অনুশীলনে ছিলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। চ্যলেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হলেও বাংলাদেশ দলের প্রশংসা করেন তিনি।
আতাপাত্তু বলেন, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। বাংলাদেশ এখন অনেক সামনের সারির দল। তারা অনেক শক্তিশালী দলকে হারিয়েছে।
বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি শুরু হবে রোববার বিকেল ৩টায়।







