প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট) থেকে পদত্যাগ করেছেন। পার্লামেন্টে সরকারের আনা ব্রেক্সিট বিলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য লেবার পার্টির নেতা জেরেমি করবিনের নির্দেশ জারির প্রেক্ষিতে পদত্যাগ করলেন টিউলিপ।
২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া টিউলিপ শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এই এমপি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার (যা ব্রেক্সিট নামে পরিচিত) বিপক্ষে। টিউলিপই প্রথম কোনো সদস্য যিনি ব্রেক্সিটের বিরোধিতা করে ছায়ামন্ত্রী সভা থেকে পদত্যাগ করলেন।
টিউলিপ জানান, তিনি সামনের সারির নেতাদের সঙ্গে একাত্মতাবোধ করতে পারছেন না। জেরেমি করবিনের কাছে লেখা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়টি তার নির্বাচনীয় এলাকায় বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন ইউনিয়ন ছেড়ে আসার বিষয়টি সম্ভাব্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে।
ব্রিটেনে পার্টির অতি গুরুত্বপূর্ণ নির্দেশনার সঙ্গে একমত না হতে পারলে পার্লামেন্টে দলের সামনের সারির নেতারা তাদের পদ থেকে সরে দাঁড়ানোর রীতি রয়েছে।








