নিউজিল্যান্ড সফর থেকে ফিরে চলে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। ব্যাট হাতে নামা অনেকদিন পর। সোমবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে খেলতে নেমেই নামের পাশে সেঞ্চুরি লেখালেন নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের এই বাঁহাতি ব্যাটসম্যান অপরাজিত আছেন ১০৩ রানে।
১১৩ বলে ১৭টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৮ বছরের এই তরুণ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাজমুলের তৃতীয় সেঞ্চুরি।
সেঞ্চুরির পথে রয়েছেন নাজমুলের সঙ্গী নাঈম ইসলাম। ৭১ রানে অপরাজিত আছেন তিনি। পঞ্চম উইকেটে এ দুই ব্যাটসম্যানের ১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় লিডের স্বপ্ন দেখছে উত্তরাঞ্চল।
এই প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৬২ রান। প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। পাঁচ উইকেট নেন সাঞ্জামুল ইসলাম।








