নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ভাই কিম জং ন্যামের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্লেনে চড়ার আগে তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে- এমন সন্দেহ থেকেই দ্রুত তার ময়নাতদন্ত করা হয়।
সিলাংগর পুলিশ প্রধান আবদুল সামাহ মাত বিবিসিকে জানিয়েছেন, নিহতের ময়নাতদন্ত মালয়েশিয়া সময় বুধবার সন্ধ্যায়ই সম্পন্ন হয়। কিন্তু পরীক্ষার ফলাফল সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে কিনা, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
বুধবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, নর্থ কোরিয়া নিহত ন্যামের মৃতদেহ চেয়েছে। তবে আবদুল সামাহ বলেন, নর্থ কোরীয় দূতাবাসের কর্মকর্তারা ময়নাতদন্তের পর কুয়ালালামপুর হাসপাতালে গেলেও প্রেসিডেন্টের সৎভাইয়ের মরদেহ দেশে নিয়ে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেননি।

আবেদন করা হলে ন্যামের দেহ নর্থ কোরিয়ায় নিয়ে যাওয়ার অনুমতি দিতে মালয়েশিয়ার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই পুলিশ প্রধান।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার এক নারীর আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে। আরও এক নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুই নারীই কোনো ধরণের বিষাক্ত রাসায়নিক নিয়ে কিম জং ন্যামের ওপর হামলা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কিম জং ন্যামের মৃত্যুর পর এর পেছনে নর্থ কোরিয়ার হাত রয়েছে- এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। তবে এই গুজবকে সত্যি প্রমাণ করতে এর পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নর্থ কোরিয়ার পক্ষ থেকে নিহতের পরিচয় নিশ্চিত করা হলেও কিম চল নামে ভ্রমণকারী ওই ব্যক্তিই যে কিম জং ন্যাম, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মালয়েশিয়া সরকার।







