জাতীয় দলে ডাক পেয়ে প্রথম সিরিজেই নিজেকে প্রমাণ করলেও একাদশে নিয়মিত হতে পারছিলেন না। বিশ্বকাপে অনেকগুলো ম্যাচে বসে থাকার পর শেষদিকে এসে সুযোগ মিলছে শামীম হোসেন পাটোয়ারির।
চোটের কারণে সাকিব আল হাসান আসর থেকে ছিটকে যাওয়ায় সাউথ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেতে চলেছেন মারকুটে ব্যাটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম টাইগার টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন খুব দ্রুত।
জিম্বাবুয়ে সফরে ভালো করলেও একাদশে অনিয়মিত হয়ে পড়েন তরুণ এ স্পিন-অলরাউন্ডার।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল চারটায় প্রোটিয়াদের মুখোমুখি হবে টিম টাইগার্স। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শামীমকে নিয়ে একাদশ গড়ার কথা জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
সাকিব আসর থেকে ছিটকে গেছেন। চোট পাওয়া আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানও খেলতে পারবেন না কালকের ম্যাচ।
সোমবার একাদশ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘কালকের ম্যাচ খেলার মতো ফিট হবে না সোহান। শামীম ও সৌম্য সরকার, আমাদের দুই ব্যাকআপ ব্যাটসম্যান, থাকবে একাদশে।’








