বিশ্বকাপ শুরু হতে আর মাস দেড়েক বাকি। তার আগে আগে জর্জিয়া সীমান্তবর্তী এলাকা দাগেস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে রাশিয়ান কাউন্টার টেরোরিজম ফোর্স। সেই অভিযান শেষ না হতেই বিশ্বকাপ ভণ্ডুল করার পাল্টা হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট, আইএস।
রাশিয়ার সেই অভিযানে ১১জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। এর পরপরই রাশিয়ান ফুটবল দলকে লক্ষ্য করে একটি পোস্টার ছাপে আইএস। তাতে লেখা হয়েছে, বিশাল ম্যাচ। আইএস বনাম রাশিয়া। জীবিত অথবা মৃত!
পোস্টারে দেখা যাচ্ছে খাকি পোশাক পরে একে-৪৭ রাইফেলে সজ্জিত একদল আইএস জঙ্গির বিপরীতে রাশিয়ান ফুটবল দল। ইন্দোনেশিয়ান এক সেলফোন ব্যবহার করে এই হুমকি ছড়িয়ে দেয়া হয়েছে।
রাশিয়ান ভলগোগ্রাদ স্টেডিয়ামেও হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। এই স্টেডিয়ামেই ১৮জুন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গুপ্তচর সার্গেই স্ক্রিপালকে নিয়ে দুই দেশের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়ন। তার মধ্যে আইএসের হুমকি যেন উত্তাপে ঘি-ই ঢাললো।
গত বছর লিওনেল মেসি, নেইমার ও রোনালদোকে হত্যার হুমকি দিয়ে পোস্টার ছেপেছিল আইএস। অবশ্য এমন হুমকি মাথায় নিয়েও রাশিয়ায় প্রীতি ম্যাচ খেলে এসেছে মেসির আর্জেন্টিনা।







