জাতীয় দলে এখন আর নিয়মিত নন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের জুনে। বয়সটা হয়ে গেছে ৩৬। সব মিলিয়ে বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছেন প্রায়ই। তবু বিদায়ের আগে বিশ্বকাপটা খেলতে চান ভারতের ড্যাশিং ব্যাটসম্যান যুবরাজ সিং। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ খেলেই ব্যাট-প্যাড তুলে রাখতে চান তিনি।
ভারতের হয়ে প্রায় দুই দশক ধরে খেলছেন যুবারজ। একদিন অবসরে যেতে হবে জানেন, ‘আমি ২০১৯ পর্যন্ত খেলতে যাচ্ছি। তাতে যাই হোক না কেন ওই পর্যন্ত ক্রিকেটটা খেলে যেতে যাই। বছর শেষ হয়ে গেলেই আমি বিদায়টা বলে দেব।’
‘প্রত্যেকেরই একদিন এই সিদ্ধান্ত নিতে হয়। আমি ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, প্রায় ১৭-১৮ বছর ধরে। সুতরাং ২০১৯ সালের পর আমি নিশ্চিতভাবেই বিদায় বলব’ -যোগ করেন যুবি।
যুবরাজ খোলামেলা কথা বলেছেন আইপিএল এবং আইপিএলে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব নিয়েও। জিততে চান শিরোপা।








