সংঘাত নয়, শান্তির চেতনায় সমাজের প্রতিটি মানুষকে উদ্ভুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, বিশেষজ্ঞ জ্ঞানের সাথে নৈতিক চেতনাবোধও থাকা জরুরি।
দেশের উন্নয়নে পরিকল্পনা নিতে এবং তা বাস্তবায়নে বিশেষায়িত জ্ঞানের বিকল্প নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উন্নত শিক্ষা নেয়ার সাতে সাথে জোর দেন নৈতিক শিক্ষার ওপর।
এক সরকারের ভালো কাজ পরবর্তি সরকার এসে বন্ধ করে দেয়ার মতো ঘটনা বন্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান শেখ হাসিনা।
নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ দেশের জন্য টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এ দেশ ঘুরে দাঁড়িয়েছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞান গবেষণা এগিয়ে নিতে প্রবর্তণ করা হয় বঙ্গবন্ধু ফেলোশিপ। এরই ধারাবাহিকতায় এ বছর বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স এন্ড আইসিটি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেলোশিপ প্রাপ্তদের হাতে অনুদানের চেক তুলে দেন।






