বাংলা ভাষার নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনাকার বিরলপ্রজ কবি শহীদ কাদরীর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গুরুতর অবস্থায় সোমবার রাত সোয়া তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিউইয়র্কের নর্থ শোর হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।
জানা গেছে, কবির ইনটেনস্টাইটেন রক্তপাত হচ্ছিল। সেটা বন্ধ হয়েছে। তবে জ্বর আছে। রক্তচাপ ভীষণ নেমে গিয়েছিল ৯০/৪০। সেটা উন্নতির দিকে। কাল রাতে নিয়মিত ডায়ালিসিস হয়েছে।
কবির স্ত্রী নীরা কাদরী জানান, “শনিবার থেকেই কবির শরীরের তাপমাত্রা বেশ বেড়ে যায়। প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ওষুধ খাওয়ানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
গত ১৪ আগস্ট একুশে পদকপ্রাপ্ত শহীদ কাদরীর ৭৪ তম জন্মদিন ছিল।
সেদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জ্যামাইকার নিজ বাসভবনে ভক্ত-অনুরাগীরা কবিকে ফুল দিয়ে, গান গেয়ে ভালোবাসায় সিক্ত করেন।







