বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকদের ফরচুন বরিশাল লড়বে তাসকিনের দুর্বার রাজশাহীর বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৬টার ম্যাচে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের চিটাগং কিংস।
বিপিএল শুরু হবে ঢাকা থেকে। এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতে। চট্টগ্রাম ও সিলেটে হবে সমান ১২টি করে ম্যাচ।
শুক্রবার দুপুরের ম্যাচ শুরু হবে ২টায়, রাতের ম্যাচ শুরু ৭টায়। আগের আসরের মতো দুদিন ম্যাচ হওয়ার পর থাকবে বিশ্রামের দিন।
প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হবে নতুন বছরের ৭ ফেব্রুয়ারি। এলিমিনেটর পর্ব ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমেদ ভিডিও বার্তায় জানিয়েছেন, এবার থাকবে অনেক নতুনত্ব।
আগের দশটি আসরের চেয়ে ভালোমানের বিপিএল উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি।
শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিসিবি প্রধান জানান, বিপিএল শুরু হবে ঢাকা থেকে। এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই।









