আজ নায়করাজ রাজ্জাক আর তার স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মীর ৫৫তম বিয়েবার্ষিকী। কোনো অনুষ্ঠান নয়, বাবা–মায়ের বিয়েবার্ষিকী রাজধানীর গুলশানে বাসায় ছেলেমেয়েরা ঘরোয়াভাবে উদ্যাপন করছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘তেমন কোনো অনুষ্ঠান হবে না। দিনটি আমরা বাসায় পারিবারিকভাবেই উদ্যাপন করছি। আব্বা–আম্মা দুজনই এখন বিশ্রাম নিচ্ছেন। আমরা তো সবাই একসঙ্গে থাকি। রাতে বোন আসবে তার পরিবার নিয়ে। আলাদা ভাবে খাবারের আয়োজন করা হচ্ছে।’
আজকের জন্য মেন্যু কী? সম্রাট বলেন, ‘বাসার সবাই যা যা খেতে পছন্দ করেন, তা–ই তৈরি হচ্ছে। বাসায় সাধারণত আমার স্ত্রী (সাবিহা হোসেন মুন) নিয়মিত রান্না করেন। এরই মধ্যে তার প্রস্তুতি শেষ।’

সম্রাট জানালেন, বাবা–মায়ের জন্য আজ তিনি নিজেও রান্নার প্রস্তুতি নিচ্ছেন। তিনি রান্না করবেন গ্রিলড চিকেন।
সম্রাট আপনি নিয়মিত রান্না করেন? বললেন, ‘না, না। তবে অনেক দিন আগে একবার বন্ধুর সঙ্গে গ্রিলড চিকেন তৈরি করেছিলাম। তখন বন্ধুই বেশি সহযোগিতা করেছিল। আজ কিন্তু আমি একাই চেষ্টা করছি। বাবা মায়ের জন্য এটা আমার উপহার।’








