বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের জেএসএস সমর্থীত চেয়ারম্যান প্রার্থী শান্তি ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। রুমা উপজেলার গ্যালাইঙ্গা ইউনিয়নে রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, রুমা উপজেলার গ্যালাইঙ্গা ইউনিয়নের রামদু পাড়া নিজ বাড়ি থেকে শান্তি ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রামদু পাড়ার পাসের পাহাড়ে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
নিহত শান্তি ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আগামী ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে জেএসএস’র সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি।
এদিকে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গতকাল মধ্য রাতের দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জেএসএস নেতা শান্তি ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।






