সাংবাদিক ও ব্লগার আরিফ জেবতিক বানিজ্য মেলায় খাবারের দোকানে অস্বাভাবিক বেশি মূল্য আদায় সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এই ধরনের নৈরাজ্যের বিষয়ে সবাইকে সতর্ক করে মেলার দোকান থেকে কিছু না খাওয়ার জন্য বলেছেন তিনি।
আরিফ লেখেন, বাণিজ্য মেলা শুরু হয়েছে। মানুষ ঘুরতে ঘুরতে খাবার দোকানে গিয়ে বসে। তারপর হাফপ্লেট বিরিয়ানির দাম শোনে ১০০ টাকা। খাবার খাওয়ার পরে বিল আসে ৭০০ টাকা। কারণ? পানির দাম ২০০ টাকা, মাংস পারপিস ১শ টাকা করে, বিরিয়ানিতে ৩ পিস আনুবীক্ষনিক মাংস ছিল, সেগুলোর মোট দাম ৩শ টাকা। ১শ টাকা ভ্যাট। এই মিলিয়ে ৭শ টাকা।
প্রতিবছর একই ঘটনা, প্রতিবছর সবার চোখের সামনে এমন জোচ্চুরি চলে।
না জেনে মানুষ প্রতিবার ঠকা খায়। দেখার কেউ নেই, যারা দেখবে তারাই এই চোর দলের অংশ। সুতরাং?
সমাধান আপাতত একটাই। আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধবকে আগাম সতর্ক করে দিন। জোচ্চোরের দলের কাছ থেকে কিছু খাবেন না।
ঠকা খাওয়া থেকে সবাইকে সতর্ক করুন, জোচ্চোরদের ব্যবসার ক্ষতি করুন।







